
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছাকাছি বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে এমন সময়, যখন এলাকায় জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ খাদ্য উৎসব চলছিল।
স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগের তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সিয়াটল পুলিশ জানায়, হামলার ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি পুলিশ।
বিবিসির তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশু রয়েছে, যাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। আরেক আহত ব্যক্তি সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে ভর্তি হননি। তবে বাকি আহতদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ফায়ার সার্ভিস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় সিয়াটল পুলিশ জানায়, সিয়াটল সেন্টার এলাকায় গুলির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য জানানো হবে বলেও জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, হামলার সময় সিয়াটল সেন্টারে সপ্তাহান্তব্যাপী জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ উৎসব চলছিল। এ আয়োজনে শত শত খাবারের স্টল এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার ব্যবস্থা ছিল।