
ওয়াশিংটনের সঙ্গে এখনো যোগাযোগ ও বার্তা বিনিময় অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইরান। তবে একই সঙ্গে তেহরান অভিযোগ করেছে, কূটনৈতিক প্রচেষ্টাকে কার্যকর হওয়ার আগেই যুক্তরাষ্ট্র তা নস্যাৎ করে দিচ্ছে।
রোববার (২৬ জুলাই) অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওআরএফ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।
সাক্ষাৎকারে ইসমাইল বাঘেই বলেন, ‘আমরা বার্তা বিনিময় অব্যাহত রেখেছি, কিন্তু আমাদের বর্তমান প্রধান অগ্রাধিকার হচ্ছে ইরানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জনগণকে রক্ষা করা’।
তিনি অভিযোগ করেন, আলোচনার জন্য প্রয়োজনীয় মৌলিক শর্তগুলো যুক্তরাষ্ট্র নিজেই লঙ্ঘন ও ধ্বংস করেছে। তার ভাষ্য, এ কারণেই কূটনৈতিক উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে।
সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রসঙ্গ টেনে বাঘেই ওই অভিযানকে ‘অবৈধ যুদ্ধ’ বলে আখ্যায়িত করেন।
সূত্র: মিডল ইস্ট আই।