
লাদাখ ইস্যুতে টানা ২৬ দিনের অনশন শেষে তা প্রত্যাহার করেছেন ভারতের সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পর দেওয়া আশ্বাসের ভিত্তিতে তিনি গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে অনশন ভাঙেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওয়াংচুক এ তথ্য জানান। তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও ড. জিতেন্দ্র সিং এবং ‘অ্যাপেক্স বডি অব লেহ-লাদাখ’-এর নেতাদের উপস্থিতিতে তিনি অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন।
ওয়াংচুক জানান, দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য সহিংস পরিস্থিতির আশঙ্কা বিবেচনায় নিয়েই তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, ‘কোন কোন শর্তের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বিস্তারিত ভিডিও বার্তায় জানাব। সবাইকে শান্ত থাকার এবং কোনো ধরনের সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি।’
ওয়াংচুকের অনশন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেন, ওয়াংচুকের আত্মত্যাগ দেশের মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াংচুকের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এক বার্তায় তিনি বলেন, ‘সোনমজি চিকিৎসকদের পরামর্শ মেনে চলুন এবং দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটাই আমার প্রার্থনা।’