
ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে বিশেষ দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ উদ্যোগকে দেশের তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের কঠোর অবস্থানের প্রতিফলন বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অমিত শাহ বলেন, দেশের যুবসমাজের কল্যাণ ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
তিনি বলেন, ‘প্রশ্নফাঁসের মাধ্যমে যারা তরুণদের ভবিষ্যৎ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেওয়া এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ একটি মাইলফলক হয়ে থাকবে।’
অমিত শাহর ভাষ্য, প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেন, দেশের যুবসমাজের কল্যাণ ও তাদের ভবিষ্যৎ রক্ষা করাই তার সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি সতর্ক করে বলেন, তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।