
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের মৃত্যু হওয়ায় রাজ্যটিতে বন্যাজনিত মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন প্রাণহানির ঘটনাগুলো পাঁচটি পৃথক জেলায় ঘটেছে। এ ছাড়া এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, চলমান বন্যায় এ পর্যন্ত সাত লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে।
তিনি বলেন, ‘মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যা আসামের এমন সব জেলাতেও আঘাত হেনেছে, যেখানে অতীতে কখনো এমন ধরনের ক্ষয়ক্ষতি দেখা যায়নি।’
মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখতে মাঠপর্যায়ে সার্বক্ষণিক উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।