
আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে আবারও ‘সেভ আমেরিকা’ বিল দ্রুত পাসের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, নির্বাচনে জালিয়াতি প্রতিরোধে বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, 'নির্বাচন-সংকট মোকাবিলায় কংগ্রেসকে আর দেরি না করে ‘সেভ আমেরিকা’ বিল পাস করতে হবে। আমি প্রতিটি আমেরিকান নাগরিককে প্রতিনিধি পরিষদ ও সিনেটের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে অবিলম্বে বিলটি পাসের দাবি জানানোর আহ্বান জানাচ্ছি।'
ট্রাম্প জানান, প্রস্তাবিত আইনে ভোট দেওয়ার সময় প্রত্যেক ভোটারের জন্য ছবিযুক্ত পরিচয়পত্র (ফটো আইডি) প্রদর্শন বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি ভোট দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের প্রমাণও দেখাতে হবে।
তিনি আরও বলেন, বিলটিতে ডাকযোগে ভোট (মেইল-ইন ব্যালট) দেওয়ার সুযোগ শুধু অসুস্থ, প্রতিবন্ধী, সামরিক বাহিনীর সদস্য এবং ভ্রমণে থাকা ভোটারদের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব রাখা হয়েছে।
বিলটির বিরোধিতাকারীদের সমালোচনা করে ট্রাম্প বলেন, 'এই ব্যবস্থার বিরোধিতা করার একমাত্র কারণ হতে পারে প্রতারণার সুযোগ ধরে রাখা। কারণ ডেমোক্র্যাটদের নীতি ও তাদের প্রার্থীরা অন্য কোনো উপায়ে জয়ের অবস্থানে নেই।'
তিনি আরও বলেন, 'স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন ছাড়া যুক্তরাষ্ট্র কখনোই একটি মহান দেশ হতে পারে না। প্রত্যেক আমেরিকানের অধিকার রয়েছে নিশ্চিত হওয়ার যে, তার ভোট সঠিকভাবে গণনা করা হবে।'
এর প্রায় দুই সপ্তাহ আগে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের সমর্থন পাওয়া একটি আবাসন (হাউজিং) বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি দাবি করেন, ‘সেভ আমেরিকা’ বিল পাসে অগ্রগতি না হওয়ায় ওই আবাসন আইনে তিনি অনুমোদন দেননি।