
কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি নিজে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন।
ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এর আগে গত জুনেও তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে তখন তাকে জানানো হয়, পদত্যাগ কার্যকর করতে হলে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে আবেদন জমা দিতে হবে।
কোয়েল মল্লিকের পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সংখ্যা কমে ৯-এ দাঁড়িয়েছে। এর আগে দলটির সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইকও পদত্যাগ করেন।
এদিকে একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, পদত্যাগপত্র জমা দেওয়ার পরপরই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন কোয়েল মল্লিক। এরপর থেকেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে তার বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন নতুন করে জোরালো হয়েছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস যে প্রার্থীদের তালিকা ঘোষণা করেছিল, সেখানে মেনকা গুরুস্বামী, বাবুল সুপ্রিয় ও রাজীব কুমারের পাশাপাশি কোয়েল মল্লিকের নামও ছিল। পরে এপ্রিলে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন।
শপথ গ্রহণের পর কোয়েল মল্লিক বলেছিলেন, ‘বিষয়টি এমন নয় যে, অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছিলাম। এটি অনেক বড় ও মহৎ একটি দায়িত্ব। দেশ ও মানুষের সেবা, এর থেকে বড় কোনো মহৎ কাজ থাকতে পারে না।’