
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রবিরোধী অভিযানের অষ্টম ধাপের অংশ হিসেবে জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
বুধবার (১৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে দ্বিতীয়বারের মতো জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এতে মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান রাখা এলাকা এবং বড় সরঞ্জাম সংরক্ষণের হ্যাঙ্গারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
একই সময়ে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের ঘাঁটিতেও হামলার দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, বুধবার সকালে ওই ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, নৌ-সহায়তা ব্যবস্থাপনা কেন্দ্র, গুদাম এবং জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে আঘাত হানা হয়েছে। তাদের দাবি, এসব স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ড্রোন প্রতিহত করার সময় দেশের বিভিন্ন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানিয়েছে তারা।
আইআরজিসির দাবি, কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় অবস্থিত পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর প্রধান রসদ ও সহায়তা কেন্দ্রও তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
আইআরআইবিতে প্রকাশিত আরেকটি বিবৃতিতে গার্ড বাহিনী জানায়, ‘নাসর-২’ অভিযানের চতুর্থ ধাপে ওই স্থাপনায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলার ফলে ঘাঁটিতে আগুন লেগেছে এবং সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।