
আমেরিকার একের পর এক বিধ্বংসী সামরিক অভিযানের মুখে ইরানের প্রতিরক্ষা বলয় কার্যত তছনছ হয়ে গেছে এবং পারস্য উপসাগরের এই দেশটি একপ্রকার ‘প্রস্তর যুগে’ প্রবেশ করেছে বলে নতুন করে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম নিউজ ম্যাক্স-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, গত মাত্র চার মাসের ব্যবধানে তেহরানের পুরো পরিস্থিতি আমূল বদলে গেছে এবং তাদের সামরিক শক্তির সিংহভাগই ছিনিয়ে নেওয়া হয়েছে।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, সাক্ষাৎকারে তেহরানের ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট বিবরণ তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের নৌবাহিনীর বহরে মোট ১৫৯টি যুদ্ধজাহাজ ছিল এবং বর্তমানে সেই 'একশত ঊনষাটটি জাহাজই এখন সমুদ্রের তলদেশে' রয়েছে।
তিনি আরও দাবি করেন, ইরানের সব কটি যুদ্ধবিমান গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এখন সম্পূর্ণ নিশ্চিহ্ন। শুধু তা-ই নয়, তেহরানের সমরাস্ত্র তৈরির সক্ষমতার প্রায় 'চুরাশি শতাংশই ধ্বংস' হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্পের মূল্যায়ন অনুযায়ী, ক্রমাগত মার্কিন সামরিক অভিযানের ফলে বর্তমান ইরান চার মাস আগের তুলনায় একটি সম্পূর্ণ ভিন্ন এবং চরম দুর্বল রাষ্ট্রে পরিণত হয়েছে, যা তাদের কার্যত প্রস্তর যুগের কাছাকাছি নামিয়ে এনেছে। তবে তিনি এটি স্বীকার করেন যে, তেহরানের কাছে এখনো কিছু ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে, কিন্তু সামগ্রিক যুদ্ধ সক্ষমতা এখন নামমাত্র।
মধ্যপ্রাচ্যে ইরানের সাবেক আধিপত্যের কথা স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প সগর্বে ঘোষণা করেন, 'ইরান মধ্যপ্রাচ্যের ত্রাস ছিল, কিন্তু তারা আমার ওপর কোনো দাদাগিরি করতে পারছিল না'।