
পাকিস্তানের অস্থির বেলুচিস্তান প্রদেশে আবারও রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। জিয়ারাত জেলার একটি পুলিশ চেকপোস্টে হামলা চালিয়ে ৯ পুলিশ সদস্যকে হত্যা এবং আরও ৫ জনকে অপহরণ করেছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)।
সোমবার সন্ধ্যার পর জিয়ারাত জেলার মাঙ্গি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে জিয়ারাতের পুলিশ সুপার (এসপি) আবদুল কুদুস জানান, সোমবার সন্ধ্যার পর বিএলএর সদস্যরা অতর্কিতভাবে ওই পুলিশ চেকপোস্টে হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। সংঘর্ষে ৯ জন পুলিশ সদস্য নিহত হন এবং হামলাকারীরা আরও ৫ জন পুলিশকে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার পর মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি হামলার তীব্র নিন্দা জানান। তিনি দাবি করেন, হামলাকারীরা ভারতের মদতপুষ্ট।
হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে মোহসিন নাকভি বলেন, সরকার দেশে শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের হামলা সেই অঙ্গীকার থেকে সরকারকে বিচ্যুত করতে পারবে না।
আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক সময়ে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। খাইবার পাখতুনখোয়ায় নিষিদ্ধ সংগঠন টিটিপি এবং বেলুচিস্তানে বালোচ লিবারেশন আর্মির সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর নিয়মিত সংঘর্ষ চলছে।
এর আগে গত ২৪ মে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি বিস্ফোরণে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর ১৪ সদস্য ও কর্মকর্তা নিহত হন। পরে ২৫ জুন বেলুচিস্তানের খারান ও মাসটাং জেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ বিশেষ অভিযানে বিএলএর আট সদস্য নিহত হয়।
নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, ২৫ জুনের ওই অভিযানের প্রতিশোধ হিসেবেই সোমবারের এই হামলা চালানো হয়ে থাকতে পারে।