
ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে আবারও কড়া সতর্কবার্তা দিয়েছে। তাদের অভিযোগ, সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের আকাশসীমায় প্রবেশ করে একটি ইরানি বেসামরিক বিমানকে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছে।
শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় হুথি সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, ভবিষ্যতে সৌদি আরব ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করলে বা দেশটির বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলে তার জবাবে সৌদির বিমানবন্দরসহ স্থল ও সমুদ্রপথের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে।
হুথিদের দাবি, স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটের দিকে সৌদি যুদ্ধবিমান হুথি-নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশের চেষ্টা করলে তাদের প্রতিরোধ করা হয়। গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী, ইরান থেকে আসা ওই বিমানে ২০০ জনের বেশি আহত, অসুস্থ ও বিভিন্ন কারণে আটকে পড়া ইয়েমেনি নাগরিক ছিলেন।
তারা আরও দাবি করেছে, সম্ভাব্য যেকোনো চাপ বা ঝুঁকি সত্ত্বেও সানা ও তেহরানের মধ্যে বিমান যোগাযোগ চালু থাকবে। হুথিদের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট বিমানটি নিরাপদে সানায় অবতরণ করার পর একটি প্রতিনিধিদল নিয়ে পুনরায় তেহরানের উদ্দেশে রওনা দেয়।
তবে হুথিদের অভিযোগ ও হুমকির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি ঘটনাটির বিষয়ে স্বাধীন কোনো সূত্র থেকেও এখন পর্যন্ত তথ্য যাচাই করা সম্ভব হয়নি।