
আগামী এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার ওপর নির্ভরতা পুরোপুরি বন্ধ করার পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষায়, দীর্ঘদিনের এই সহায়তা এখন অনেকটা ‘দান’-এর মতো, যা ভবিষ্যতে ইসরায়েলের আর প্রয়োজন হবে না।
ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, দেশের অর্থনীতি এখন এমন অবস্থানে পৌঁছেছে যে নিজেদের ব্যয়ভার নিজেরাই বহন করতে সক্ষম। তিনি দাবি করেন, ইসরায়েলের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রায় এক ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে এবং আগামী বছর থেকেই দেশের আর্থিক চাহিদার বড় অংশ নিজস্ব সম্পদ থেকেই মেটানো সম্ভব হবে।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের সহায়তা হঠাৎ করে বন্ধ করা হবে না। বরং ধাপে ধাপে কমিয়ে আগামী ১০ বছরের মধ্যে পুরোপুরি নির্ভরতা শেষ করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
২০১৬ সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত ১০ বছর মেয়াদি চুক্তি অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইসরায়েলকে প্রায় ৩৮ বিলিয়ন ডলার সামরিক ও অন্যান্য সহায়তা দেওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে কিছুটা মতপার্থক্যের ইঙ্গিত পাওয়া গেছে। ইসরায়েলের অভিযোগ, তেহরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন তাদের উদ্বেগ ও স্বার্থকে পর্যাপ্ত গুরুত্ব দেয়নি।