
গাজা উপত্যকার ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রী বলেছেন, গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ ধীরে ধীরে বাড়ছে এবং নির্ধারিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।
বুধবার (১ জুলাই) ইসরায়েলি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন দেশটির জ্বালানি ও অবকাঠামোবিষয়ক মন্ত্রী এলি কোহেন।
তিনি দাবি করেন, দুই মাস আগে গাজা উপত্যকার প্রায় ৫৩ শতাংশ এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। এক মাস আগে সেই হার বেড়ে প্রায় ৬০ শতাংশে পৌঁছায়। বর্তমানে গাজার প্রায় ৭০ শতাংশ এলাকায় ইসরায়েলি বাহিনীর কার্যকর নিয়ন্ত্রণ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এলি কোহেন বলেন, ইসরায়েল গাজায় হামাসকে পুনরায় শক্তিশালী হওয়ার সুযোগ দিতে চায় না। তার ভাষায়, হামাসের সামরিক ও রাজনৈতিক সক্ষমতা সম্পূর্ণভাবে দুর্বল করে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য।
ইসরায়েলি মন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন গাজায় চলমান সংঘাত এবং অঞ্চলটির ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা ও উদ্বেগ অব্যাহত রয়েছে।