
পাকিস্তানের সঙ্গে সংঘটিত সামরিক অভিযানে ভারতীয় সেনাবাহিনীর কয়েকজন সদস্য নিহত হওয়ার তথ্য দীর্ঘদিন গোপন রাখা হয়েছে—এমন অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস।
মঙ্গলবার (৩০ জুন) দলটি দাবি করে, প্রায় ১৩ মাস আগে পাকিস্তানের সঙ্গে সংঘটিত চার দিনব্যাপী সামরিক সংঘাতে ভারতীয় বাহিনীর ছয় সদস্য নিহত হন। সম্প্রতি তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর বিষয়টি নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে।
কংগ্রেসের অভিযোগ, ২০২৫ সালের মে মাসে পরিচালিত ‘অপারেশন সিন্দুর’-এ ভারতীয় সেনাবাহিনীর পাঁচ সদস্য এবং বিমানবাহিনীর একজন সদস্য নিহত হয়েছিলেন। তবে এই তথ্য এতদিন সরকার সংসদ ও জনগণের কাছ থেকে গোপন রেখেছিল বলে দাবি দলটির।
এ ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশবাসীর কাছে ব্যাখ্যা ও ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে তারা।
দলটির নেতাদের দাবি, নিহত সেনাসদস্যদের নাম ও তথ্য দীর্ঘ সময় প্রকাশ না করায় শুধু সংসদই বিভ্রান্ত হয়নি, বরং দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো সেনাদের প্রাপ্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান থেকেও বঞ্চিত করা হয়েছে।
নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের সাবেক সেনা বিষয়ক বিভাগের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী এবং অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অনুমা আচার্য সরকারের ভূমিকার সমালোচনা করেন।
অনুমা আচার্য বলেন, অতীতে দেশের জন্য জীবন উৎসর্গ করা সেনাসদস্যদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়েছে। তার অভিযোগ, বর্তমান সরকার রাজনৈতিক স্বার্থে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করছে এবং সাধারণ সেনাসদস্যদের প্রতি যথাযথ মূল্যায়ন দেখাতে ব্যর্থ হয়েছে।
অন্যদিকে কর্নেল রোহিত চৌধুরী অভিযোগ করেন, রাজনৈতিক প্রচারণায় সেনাবাহিনীর অবদান তুলে ধরা হলেও বাস্তবে তাদের ত্যাগের যথাযথ স্বীকৃতি দেওয়া হচ্ছে না।
তিনি আরও দাবি করেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে সেনা হতাহতের বিষয়ে যে বক্তব্য দিয়েছিলেন, তা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ বিষয়ে সংসদে বিশেষ অধিকার লঙ্ঘনের অভিযোগ তোলার বিষয়েও কংগ্রেস বিবেচনা করছে বলে জানান তিনি।
তবে কংগ্রেসের এসব অভিযোগের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।