
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলাকে যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন হিসেবে অভিহিত করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। তেহরান দাবি করেছে, এই হামলা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গ করেছে এবং এটি একটি বর্বর সামরিক আগ্রাসনের উদাহরণ।
রোববার (২৮ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকায় মার্কিন বাহিনীর চালানো সাম্প্রতিক বিমান হামলা অত্যন্ত নৃশংস ও অগ্রহণযোগ্য।
বিবৃতিতে বলা হয়, এই হামলার মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে যে মার্কিন প্রশাসন আন্তর্জাতিক অঙ্গনে দেওয়া প্রতিশ্রুতি কিংবা আনুষ্ঠানিক অঙ্গীকারের প্রতি কোনো গুরুত্ব দেয় না।
তেহরানের ভাষ্য, আন্তর্জাতিক কোনো শান্তি চুক্তি বা সমঝোতা সম্পন্ন হওয়ার পর তা ভেঙে ফেলা এবং প্রতিশ্রুতি থেকে সরে আসা বর্তমান মার্কিন শাসনব্যবস্থার একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ওয়াশিংটনের এই সামরিক পদক্ষেপের মুখেও দেশটির সরকার জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নিতে প্রস্তুত।
একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী দেশের স্থলভাগ ও জলসীমা রক্ষায় সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবে।
সূত্র: মিডল ইস্ট আই