
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে সীমিত সংস্করণের একটি বিশেষ মার্কিন পাসপোর্টের নকশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই স্মারক পাসপোর্টের ভেতরের পাতায় স্থান পেয়েছে ট্রাম্পের নিজস্ব প্রতিকৃতি ও স্বাক্ষর।
শুক্রবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টটির নমুনা প্রকাশ করেন ট্রাম্প। পোস্টে তিনি লেখেন, “যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট—‘স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন।’”
প্রকাশিত নকশায় দেখা যায়, একটি ডেস্কে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা কঠোর অভিব্যক্তির ট্রাম্পের ছবি ব্যবহার করা হয়েছে। ছবির নিচে রয়েছে তার স্বাক্ষর, আর পেছনের অংশে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল লেখার নকশা সংযোজন করা হয়েছে।
পাসপোর্টের অপর একটি পাতায় ১৭৭৬ সালের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের ঐতিহাসিক চিত্রকর্ম ব্যবহার করা হয়েছে। সেখানে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০’ লেখা রয়েছে। হোয়াইট হাউস এই বিশেষ সংস্করণকে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ নামে অভিহিত করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ৬ জুলাই থেকে সীমিত সংখ্যায় এই স্মারক পাসপোর্ট বিতরণ শুরু হবে। এটি শুধুমাত্র ওয়াশিংটন ডিসির পাসপোর্ট এজেন্সিতে সরাসরি আবেদনকারীদের জন্য পাওয়া যাবে।
নতুন এই পাসপোর্ট যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ। এটি চালু হলে ট্রাম্পই হবেন প্রথম দায়িত্বে থাকা মার্কিন প্রেসিডেন্ট, যার ছবি সাধারণ নাগরিকদের জন্য ইস্যু করা বিশেষ সংস্করণের ভ্রমণ নথিতে স্থান পাবে।
সূত্র: সিএনএন