
কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করার প্রস্তাব দিয়ে বিশ্বজুড়ে শোরগোল ফেলার রেশ কাটতে না কাটতেই এবার নতুন লক্ষ্য নির্ধারণ করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এবার দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার প্রকাশ্য ইচ্ছা পোষণ করেছেন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমবার ভেনেজুয়েলাকে আমেরিকার নতুন প্রদেশ করার বিষয়টি তার বিবেচনায় রয়েছে বলে জানান। এরপর গত মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ সরাসরি ভেনেজুয়েলাকে অঙ্গরাজ্য হিসেবে উল্লেখ করে পোস্ট করেন তিনি। ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলার প্রায় ৪০ ট্রিলিয়ন ডলার মূল্যের বিশাল তেল সম্পদ এখন ওয়াশিংটনের নিয়ন্ত্রণে।
বর্তমানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে বেইজিং সফরে রয়েছেন ট্রাম্প। তবে গুরুত্বপূর্ণ এই সফরের মাঝেই ভেনেজুয়েলা নিয়ে তার এমন উসকানিমূলক মন্তব্য ও পোস্ট বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ফক্স নিউজে ট্রাম্পের এই পরিকল্পনা প্রচার হওয়ার পর দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি সাফ জানিয়ে দেন, আমেরিকার কোনো অঙ্গরাজ্য হওয়ার কথা তারা কখনোই ভাবেননি। রদ্রিগেজের এই প্রত্যাখ্যানের পরপরই ট্রুথ সোশ্যালে ভেনেজুয়েলার একটি মানচিত্র শেয়ার করেন ট্রাম্প। সেখানে দেখা যায়, ল্যাটিন আমেরিকার ওই দেশটির মানচিত্রের ওপর মার্কিন পতাকা বসিয়ে দেওয়া হয়েছে এবং ক্যাপশনে লেখা রয়েছে— ‘৫১তম অঙ্গরাজ্য’।
ট্রাম্পের এই বিতর্কিত পোস্টটি হোয়াইট হাউসের অফিশিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলেও শেয়ার করা হয়েছে। একই সঙ্গে তিনি আরও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন যেখানে লেখা— ‘আমি তোমাকে চাই’ (আই ওয়ান্ট ইউ)। উল্লেখ্য, চলতি বছরই এক বিশেষ সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে সরিয়ে দিয়েছিল মার্কিন সেনাবাহিনী। —ফক্স নিউজ।