
বাংলাদেশ নিয়ে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য ঘিরে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে। তার বক্তব্যকে ‘অবমাননাকর’ ও ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাধেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অণুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহানের দপ্তরে ভারতীয় দূতকে ডেকে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ ও দুই দেশের সম্পর্ক নিয়ে যে মন্তব্য করেছেন, সেটিকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।
সম্প্রতি একটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসামের মুখ্যমন্ত্রী বলেন, তিনি চান বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আগের অবস্থাতেই থাকুক এবং সম্পর্কের উন্নতি না হোক। একই সাক্ষাৎকারে বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে ভারতে ‘পুশ-ব্যাক’ করা হয় বলেও দাবি করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভারতীয় দূতের কাছে এসব বক্তব্যের ব্যাখ্যা চান। তারা জানান, প্রতিবেশী একটি দেশের দায়িত্বশীল রাজনীতিকের কাছ থেকে এ ধরনের মন্তব্য দুই দেশের পারস্পরিক সম্পর্কের জন্য ইতিবাচক বার্তা বহন করে না। বিশেষ করে সম্পর্ক উন্নয়ন না হওয়ার প্রত্যাশা প্রকাশকে কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থি হিসেবে দেখছে ঢাকা।
কর্মকর্তারা আরও বলেন, এ ধরনের বক্তব্য ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে।
গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো ভারতীয় কূটনীতিককে আনুষ্ঠানিকভাবে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়।