
চাঁদের বুকে আবিষ্কৃত হলো এক নতুন ধরনের বর্ণহীন, স্বচ্ছ ও ভঙ্গুর খনিজ—যা ভবিষ্যতের প্রযুক্তিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চীনা বিজ্ঞানীরা বলছেন, এই বিরল খনিজ এলইডি প্রযুক্তিতে বৈপ্লবিক উন্নয়ন ঘটাতে পারে।
চায়না জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, চীনে পাওয়া একটি চন্দ্র উল্কাপিণ্ড বিশ্লেষণ করে ‘সেরিয়াম–ম্যাগনেশিয়াম চেঞ্জসাইট’ নামের এই খনিজ শনাক্ত করা হয়েছে। মহাকাশভিত্তিক ভূতাত্ত্বিক গবেষণায় এটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
গবেষকদের মতে, খনিজটির ভৌত বৈশিষ্ট্যে রয়েছে বেশ কিছু ব্যতিক্রমী দিক। এর মধ্যে অন্যতম হলো বিশেষ ধরনের প্রতিপ্রভা বা ফ্লুরোসেন্স প্রভাব। এর দানার আকার ১০ মাইক্রোমিটারেরও কম। ধারণা করা হচ্ছে, চাঁদের চরম তাপমাত্রা ও চাপের পরিবেশেই এই খনিজের সৃষ্টি হয়েছে। বিভিন্ন শিল্পখাতে এর ব্যবহার সম্ভাবনাময় হলেও, বিশেষ করে কম খরচে উচ্চক্ষমতাসম্পন্ন এলইডি তৈরিতে এটি বড় ভূমিকা রাখতে পারে।
কমিশন অন নিউ মিনারেলস অ্যান্ড মিনারেল নেমসের মতে, খনিজটির প্রতিপ্রভা বৈশিষ্ট্য ভবিষ্যৎ প্রজন্মের এলইডি পণ্যে শক্তিশালী উপাদান হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি করতে পারে। পাশাপাশি এর গঠন বিশ্লেষণের মাধ্যমে বর্তমান ইলেকট্রনিক পণ্যে ব্যবহৃত কৃত্রিম উপাদানের মান ও কার্যকারিতা উন্নত করার পথও উন্মুক্ত হবে।
এদিকে বিজ্ঞানীরা এখন খুঁজে দেখছেন, চাঁদের পরিবেশে সেরিয়াম ও ম্যাগনেশিয়ামের পারস্পরিক বিক্রিয়া কীভাবে ঘটে। এর মাধ্যমে চাঁদের গঠন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে এই আবিষ্কার পৃথিবী ও চাঁদের ভূতাত্ত্বিক ইতিহাসের যোগসূত্র বোঝার ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দিতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া