
হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের একনিষ্ঠ দাবি উল্লেখ করে প্রণালিটি খোলা রাখার আহ্বান জানিয়েছে চীন।
বুধবার (১৫ এপ্রিল) রাতে ওয়াং ই ও আব্বাস আরাগচি-এর মধ্যে এক ফোনালাপে এই আহ্বান জানানো হয়।
আলাপকালে ওয়াং ই বলেন, হরমুজ প্রণালির উপকূলীয় দেশ হিসেবে ইরান-এর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ন্যায়সংগত অধিকারের প্রতি সম্মান জানানো উচিত। তবে একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি যুদ্ধ ও শান্তির এক সংকটময় সন্ধিক্ষণে রয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, শান্তির একটি সুযোগ সৃষ্টি হচ্ছে।
চীনের এক বিবৃতিতে জানানো হয়, জবাবে আব্বাস আরাগচি বলেছেন, তার দেশ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান খুঁজতে আগ্রহী।
তথ্যসূত্র: গালফ নিউজ