
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তার দেশ কোনো যুদ্ধ চায় না; বরং সংলাপের মাধ্যমে চলমান সংকটের সমাধান খুঁজতে আগ্রহী। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে তা ব্যর্থ হবে।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে পেজেশকিয়ান মার্কিন নীতির কঠোর সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক আইন বা মানবিক নীতির কোথাও বেসামরিক নাগরিক, শিশু কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনা—যেমন স্কুল ও হাসপাতাল—লক্ষ্যবস্তু করার বৈধতা নেই।
তিনি আরও বলেন, ইরান সবসময় কূটনৈতিক সংলাপকে অগ্রাধিকার দিয়ে এসেছে। কিন্তু জোরপূর্বক চাপ সৃষ্টি করে তেহরানকে নতি স্বীকার করানো সম্ভব নয়।
বর্তমানে পারস্য উপসাগর এলাকায় যুক্তরাষ্ট্রের নৌ উপস্থিতি ও সম্ভাব্য অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এমন প্রেক্ষাপটে পেজেশকিয়ানের এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
তাদের মতে, দ্বিতীয় দফার সম্ভাব্য শান্তি বৈঠকের আগে আন্তর্জাতিক জনমত নিজেদের পক্ষে আনা এবং আলোচনায় দৃঢ় অবস্থান প্রদর্শনের অংশ হিসেবেই ইরানের এই বার্তা দেওয়া হয়েছে।
সূত্র: আলজাজিরা