
যুক্তরাষ্ট্রে আসন্ন রাষ্ট্রীয় সফরে যৌন অপরাধী জেফ্রি এপস্টিন এ ভুক্তভোগীদের সঙ্গে দেখা করবেন না ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়। বিষয়টি নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেসের একটি সূত্র।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৭ থেকে ৩০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া এই সফরে রাজা চার্লস বিভিন্ন আনুষ্ঠানিক বৈঠক ও কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
এই সফরে রানি ক্যামিলা নারীর প্রতি সহিংসতা ও গৃহ নির্যাতনবিরোধী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কিছু ক্ষেত্রে টানাপোড়েনের মধ্য দিয়ে গেলেও এই সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সঙ্গে রাজা চার্লসের বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি হোয়াইট হাউসে তাদের সম্মানে একটি রাষ্ট্রীয় নৈশভোজ অনুষ্ঠিত হবে।
সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো মার্কিন কংগ্রেসে রাজা চার্লসের ভাষণ, যা এই সফরের অন্যতম কূটনৈতিক হাইলাইট হিসেবে বিবেচিত হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র এবং মতভেদ থাকলেও এই সম্পর্ক দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ।