
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল আরোপের ইরানি পরিকল্পনা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে যুক্তরাজ্য, একে আন্তর্জাতিক সমুদ্র আইনের সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার।
লন্ডনে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক নৌপথ, যেখানে কোনো রাষ্ট্র একতরফাভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। বৈশ্বিক সমুদ্র আইনের আলোকে এ ধরনের পথ সবার জন্য উন্মুক্ত রাখা বাধ্যতামূলক বলেও উল্লেখ করেন তিনি।
কুপার জোর দিয়ে বলেন, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পাশাপাশি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থেও এই প্রণালির অবাধ ব্যবহার নিশ্চিত করা জরুরি। তার মতে, আন্তর্জাতিক নৌপথে টোল আরোপের কোনো বৈধতা নেই এবং এটি সামুদ্রিক চলাচলের স্বাধীনতার পরিপন্থী।
একই সঙ্গে লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতারও সমালোচনা করেন তিনি। কুপার সতর্ক করে বলেন, সেখানে সংঘাত চলতে থাকলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না।
এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর কাছ থেকে অগ্রিম টোল আদায়ের পরিকল্পনা করেছে ইরান। এ টোল ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধের প্রস্তাব রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকা পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকতে পারে।
অন্যদিকে, ফিন্যান্সিয়াল টাইমসকে ইরানের এক বাণিজ্য কর্মকর্তার দেওয়া তথ্যে জানা যায়, তেলবাহী জাহাজ থেকে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার করে টোল নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
সূত্র: বিবিসি