
৪১ জন রুশ সেনার মরদেহের বিনিময়ে রাশিয়া এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ২০২৫ সালের জুন মাস থেকে নিহতদের মরদেহ ফেরত পাঠানো শুরু হয়। তখন থেকে এ পর্যন্ত ১২ হাজারের বেশি মরদেহ কিয়েভের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে মস্কো ২০০-এরও বেশি রুশ সেনার মরদেহ পেয়েছে। এরপর রুশ সূত্র নতুন করে এক হাজার সেনা হস্তান্তরের তথ্য জানাল।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের বাহিনী শতাধিক ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার আঞ্চলিক সংকট প্রতিক্রিয়া কেন্দ্র। এসব হামলায় অন্তত একজন নিহত এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
সংকট প্রতিক্রিয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, গ্রাইভোরনস্কি জেলায় গ্রাইভোরন শহরসহ গ্লোতোভো, গোলভচিনো, গোরা-পোদোল, দুনাইকা, জামোস্তিয়ে এবং মোশচেনোয় গ্রামে মোট ৩৬টি ড্রোন হামলা চালানো হয়, যার মধ্যে ১৬টি ভূপাতিত করা হয়েছে।