
অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন বিমানে থাকা সবাই। দুর্ঘটনায় ২৯ আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বুধবার (১ এপ্রিল) প্রকাশিত তথ্যে বলা হয়, বার্তাসংস্থা রয়টার্সের উদ্ধৃতিতে রুশ সংবাদ সংস্থা তাস জানায়—মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নিয়মিত ফ্লাইট চলাকালে এএন-২৬ মডেলের বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরবর্তীতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল শনাক্ত করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানে থাকা ৬ জন ক্রু সদস্য ও ২৩ জন যাত্রীর কেউই বেঁচে নেই।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে। তাদের দাবি, বিমানে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি—অর্থাৎ ক্ষেপণাস্ত্র, ড্রোন বা পাখির সঙ্গে সংঘর্ষের কোনো প্রমাণ মেলেনি। দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটি ভেঙে পড়ে।
উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া, এরপর থেকেই অঞ্চলটি মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে।