
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ড্যাভিড স্যাক্স বলেছেন, চলমান যুদ্ধ কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে চললে ইসরায়েল ধ্বংসের মুখে পড়তে পারে। স্যাক্স ইরানের সঙ্গে চলমান সংঘর্ষ থেকে বেরিয়ে আসার জন্য একটি স্পষ্ট রোড-ম্যাপ বা নির্গমন পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছেন।
পার্সটুডে জানিয়েছে, ফিনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে তিনি উল্লেখ করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রকে উত্তেজনা কমানো এবং যুদ্ধ-বিরতি প্রতিষ্ঠার পথে কাজ করতে হবে। তিনি বলেছেন, "পরিস্থিতি এখন স্পষ্টভাবে তাই চায়।"
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোর ওপর আরও হামলা চালায়, ইরানও সমান ধরনের পাল্টা আঘাত দিতে বাধ্য হবে। স্যাক্সের মতে, এই পরিস্থিতি আরও খারাপ দিকে যেতে পারে এবং অতিরিক্ত হামলার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চল জনশূন্য হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, যা একটি মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে।
উল্লেখ্য, ট্রাম্পের উপদেষ্টা এই যুদ্ধের মূল কেন্দ্র হিসেবে ইসরায়েলকে চিহ্নিত করেছেন। তিনি পুনর্বার জোর দিয়ে বলেন, "যুদ্ধ কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে চললে ইসরায়েল ধ্বংস হয়ে যেতে পারে।" স্যাক্স ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে যুক্ত না করার জন্য একটি সুসংগঠিত রোড-ম্যাপ তৈরির প্রয়োজনীয়তাও গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন।
সূত্র: পার্সটুডে