
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি খামেনির জীবিত থাকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। ট্রাম্পের ভাষ্য, ইরান আলোচনায় আগ্রহী হলেও যুক্তরাষ্ট্র এখনই কোনও সমঝোতায় যেতে প্রস্তুত নয়।
স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি জানি না তিনি আদৌ জীবিত আছেন কি না। এখন পর্যন্ত কেউ তাকে দেখাতে পারেনি’। তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার খামেনি প্রথমবারের মতো একটি বিবৃতি দিয়েছেন, তবে সেটি ভিডিওর মাধ্যমে না দিয়ে লিখিত আকারে প্রকাশিত হয়েছে।
ট্রাম্প আরও বলেন, ‘আমি শুনছি তিনি জীবিত নন। আর যদি তিনি জীবিত থাকেন, তাহলে তার দেশের জন্য খুব বুদ্ধিমানের কাজ হবে আত্মসমর্পণ করা’। তবে তিনি নিজেও স্বীকার করেছেন, খামেনির মৃত্যুর খবর এখনও কেবল ‘গুজব’ হিসেবে রইল।
এছাড়া ট্রাম্প সাক্ষাৎকারে জানান, ইরান সম্ভবত সমঝোতায় যেতে চায়, তবে যুক্তরাষ্ট্র এখনই তা করতে রাজি নয়। তিনি বলেন, ‘তারা (ইরান) একটি চুক্তি করতে চায়। কিন্তু আমি এখনই সেটা করতে চাই না, কারণ শর্তগুলো এখনও যথেষ্ট ভালো নয়।’ ট্রাম্পের ব্যাখ্যা অনুযায়ী, সম্ভাব্য চুক্তিতে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে।
সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তবে সুনির্দিষ্ট দেশগুলোর নাম উল্লেখ করেননি।
ট্রাম্পের কথায়, যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করেছে। তিনি বলেন, ‘আমরা হয়তো এটিকে আরও কয়েকবার আঘাত করব; শুধু মজার জন্য।’
তেলের দাম বৃদ্ধির বিষয়ে ট্রাম্প খুব বেশি উদ্বিগ্ন নন। তিনি বলেন, ‘বিশ্বে প্রচুর তেল ও গ্যাস রয়েছে। এগুলো কিছুটা আটকে আছে, তবে খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’
সূত্র: বিবিসি