
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পাশাপাশি দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড (Terminal High-Altitude Area Defense) সরানোর পরিকল্পনার মধ্যে দিয়ে জাপান সাগরে পরপর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে রাজধানী পিয়ংইয়ং-এর কাছাকাছি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে জাপানের কোস্টগার্ড এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী।
উত্তর কোরিয়ার পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নতুন কিছু নয়। গত দুই দশক ধরে পিয়ংইয়ং নিয়মিতভাবে জাপান সাগর, পূর্ব চীন সাগর এবং কোরিয়া প্রণালীতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে। এই ধরনের কর্মকাণ্ডের কারণে ২০০৬ সালে জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও, দেশটিকে দমন করা সম্ভব হয়নি।
দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রায় ১০ বছর আগে দেশটিতে থাড প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছিল। তবে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন জানিয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে থাড সরিয়ে মধ্যপ্রাচ্যে নেওয়া হবে।
দক্ষিণ কোরিয়ার দৈনিক জুংআং প্রতিবেদনে প্রেসিডেন্ট লি জায়ে মিউং মন্তব্য করেছেন, “যুক্তরাষ্ট্রের থাড সরানোর সিদ্ধান্তে আমরা খুশি নই।” প্রতিবেদনের ২৪ ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জাপান সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দেন।
সূত্র: রয়টার্স