
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের কাছে এখন আর এমন কোনও লক্ষ্যবস্তু অবশিষ্ট নেই যা হামলার জন্য ব্যবহার করা যায়, এবং চলমান যুদ্ধ খুব শিগগিরই সমাপ্ত হবে।
বুধবার (১১ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।
প্রায় পাঁচ মিনিটের সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “এখানে-ওখানে সামান্য কিছু লক্ষ্যবস্তু অবশিষ্ট থাকতে পারে, তবে আমি যখনই চাইব, এটি শেষ হবে, তখনই এটি শেষ হয়ে যাবে।”
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রাথমিক অভিযানের পরিকল্পনা ছয় সপ্তাহের জন্য করা হয়েছিল। ট্রাম্পের ভাষ্য, “যুদ্ধ খুব ভালোভাবে এগোচ্ছে। আমরা নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে আছি। এমনকি মূল ছয় সপ্তাহের পরিকল্পনায় যতটুকু সম্ভব ভেবেছিলাম, তার চেয়েও অনেক বেশি ক্ষয়ক্ষতি আমরা করতে পেরেছি।”
তিনি আরও বলেন, ইরান কেবল ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকেই হুমকি দিচ্ছিল না, বরং তারা পুরো মধ্যপ্রাচ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছিল। ট্রাম্প মন্তব্য করেছেন, “গত ৪৭ বছর ধরে তারা যে মৃত্যু ও ধ্বংস চালিয়েছে, এখন তারই মাশুল দিচ্ছে। এটি তাদের কর্মের ফল। তারা এত সহজে পার পাবে না।”
সূত্র: অ্যাক্সিওস