
আবারও যুদ্ধবিরোধী অবস্থান ব্যক্ত করেছে স্পেন। ফিলিস্তিনে গণহত্যা এবং ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলের সম্মিলিত অভিযানের বিরুদ্ধে অবস্থান নেওয়া ইউরোপের দেশ স্পেন, ইসরায়েল থেকে তার রাষ্ট্রদূতকে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তেল আবিবের স্প্যানিশ দূতাবাসের দায়িত্ব সাময়িকভাবে একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স পালন করবেন।
বুধবার (১১ মার্চ) অফিসিয়াল স্টেট গেজেট এই পদক্ষেপের খবর নিশ্চিত করেছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় ইসরায়েলের গণহত্যা এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের সমালোচনায় এ পদক্ষেপ নিয়েছেন। তিনি এ ব্যাপারে সর্বাধিক সোচ্চার ইউরোপীয় নেতাদের একজন হিসেবে পরিচিত।
একটি সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, তেল আবিবে নিযুক্ত রাষ্ট্রদূতকে “অনির্দিষ্টকালের জন্য” পরামর্শের জন্য দেশে ফেরত পাঠানো হয়েছে। এর ফলে দূতাবাসের নেতৃত্ব এখন মাদ্রিদে নিযুক্ত ইসরায়েলি দূতাবাসের সমমানের চার্জ দ্য অ্যাফেয়ার্সের হাতে চলে গেছে।
এই পদক্ষেপটি মাদ্রিদ ও তেল আবিবের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার সর্বশেষ প্রমাণ, যা ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যার পর তীব্রতর হয়েছে।
স্পেনের সরকার ইউরোপের মধ্যে কয়েকটি সরকারের মধ্যে অন্যতম যারা ইসরায়েলের সামরিক অভিযান নিয়মিত নিন্দা জানিয়েছে এবং এটিকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে। ২০২৫ সালে স্প্যানিশ বন্দর ও আকাশসীমার মাধ্যমে ইসরায়েলে অস্ত্রবাহী জাহাজ এবং বিমান প্রবেশ নিষিদ্ধ করেছে। এছাড়াও ২০২৪ সালে স্পেন একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, যা ইসরায়েলের মাদ্রিদে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্তের সঙ্গে যুক্ত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর শান্তি পরিকল্পনায় অংশগ্রহণ করতে জানুয়ারিতে সানচেজ অস্বীকৃতি জানিয়ে এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে নিন্দা জানান। একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বাদ দেওয়া প্রত্যাখ্যান করেন।
সাম্প্রতিক সপ্তাহে উত্তেজনা আরও বেড়েছে কারণ সানচেজ সামরিক অভিযানের অবৈধতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন এবং দক্ষিণ স্পেনে যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
ট্রাম্প স্পেনকে “বন্ধুত্বহীন” বলে অভিযুক্ত করেন এবং সামরিক ঘাঁটিতে প্রবেশাধিকার না দেওয়ায় বাণিজ্য বন্ধের হুমকি দেন। তবে সানচেজ ৪ মার্চের এক টেলিভিশন ভাষণে স্পেনের অবস্থান স্পষ্ট করেছেন, তিনটি শব্দে তা সংক্ষেপে বললেন: "যুদ্ধের পক্ষে নয়।"
তিনি বলেন, "একটি অবৈধ কাজের জবাবে আরেকটি অবৈধ কাজ করা যায় না, কারণ মানবতার বিপর্যয় এভাবেই শুরু হয়। প্রায়শই, ভুল গণনা, প্রযুক্তিগত ব্যর্থতা বা অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে বড় যুদ্ধ শুরু হয়। তাই আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এবং লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নিয়ে ঝুঁকি নিতে পারি না।"
সানচেজ আরও বলেন, "স্পেন ইউরোপীয় ইউনিয়নের নীতি, জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আমরা শান্তি ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে আছি।"