
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম আলমগীর কবিরের বিরুদ্ধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক প্রকল্প পরিচালককে (পিডি) কার্যালয়ে ঢুকে গালিগালাজ, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রথম ভবনের কক্ষে ঘটেছে এ ঘটনা। ভুক্তভোগী কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল কাইয়ূম মজুমদার বর্তমানে ‘ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগের বর্ণনা অনুযায়ী, ড. কাইয়ূম মজুমদার ইতিমধ্যেই মহাপরিচালকের কাছে নিজের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ জানিয়ে আবেদন জমা দিয়েছেন। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, “আজ (বুধবার) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে বি এম আলমগীর কবিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল আমার কক্ষে (কক্ষ নং-৭১৭) প্রবেশ করে। এ সময় তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং জীবননাশের হুমকি প্রদান করে।”
ড. কাইয়ূম মজুমদার বলেন, “এরূপ অবস্থায় চরম নিরাপত্তাহীনতার কারণে অফিসের স্বাভাবিক কার্যক্রম চালানো ব্যাহত হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন করেছি।”
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা মন্তব্য করেছেন, এ ধরনের চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি “খুবই অনাকাঙ্ক্ষিত এবং শাস্তিযোগ্য অপরাধ।”
অভিযুক্ত ছাত্রদল নেতা বি এম আলমগীর কবির গণমাধ্যমকে বলেন, “ওই পিডি আওয়ামী ফ্যাসিবাদের দোসর। তিনি যে অভিযোগ তুলেছেন সেটি ভিত্তিহীন।” তিনি আরও দাবি করেন, “মূলত পিডি আউটসোর্সিংয়ের মাধ্যমে বিভিন্ন কাজ করে থাকেন। সেসব কাজে আমাদের দলীয় কিছু লোককে কাজ দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু পিডি কোনো সাড়া দেননি। সেজন্য আবারও কথা বলতে গিয়েছিলাম। তিনি যা বলেছেন তা মিথ্যা।”