
ইরানের ক্ষমতাধর সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসির নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার এই অভিজাত বাহিনীর নতুন সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি।
ইরানি সংবাদমাধ্যমগুলোর তথ্যের ভিত্তিতে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১ মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আইআরজিসির তৎকালীন প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ পাকপৌর নিহত হন। তার মৃত্যুর পাঁচ দিনের মাথায় নতুন সর্বাধিনায়ক হিসেবে আহমাদ ওয়াহিদিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় তেহরান।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের মূল কাজ দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা। পাশাপাশি ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতান্ত্রিক সরকার এবং ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের অর্জন রক্ষার দায়িত্বও এই বাহিনীর ওপর ন্যস্ত।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নির্দেশে আইআরজিসি প্রতিষ্ঠিত হয়।
ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি শুরু থেকেই এই বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রতিষ্ঠাকাল থেকেই তিনি একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৮ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি আইআরজিসির এলিট ইউনিট কুদস ফোর্সের প্রধান কমান্ডার ছিলেন।
পরে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনিজাদের শাসনামলে ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন ওয়াহিদি। সর্বশেষ বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সূত্র: আল জাজিরা