
মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও এক ধাপ বাড়িয়ে ইরানের রাজধানী তেহরানের প্রাণকেন্দ্রে আবারও শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার ২ মার্চ ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের লাইভ আপডেটে এ তথ্য প্রকাশ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইডিএফ জানায়, ‘সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবাহিনী এখন তেহরানের কেন্দ্রস্থলে ইরানি শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুগুলোতে আরেক দফা হামলা শুরু করেছে।’
এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, বিমান হামলার মাধ্যমে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বিবৃতিতে দাবি করেছে, বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে এবং এখন বিপ্লবী গার্ডের আর কোনো সদর দপ্তর নেই।
বিবৃতিতে আরও বলা হয়, গত ৪৭ বছরে ইরানের বিপ্লবী গার্ড এক হাজারের বেশি মার্কিন নাগরিককে হত্যা করেছে। গতকাল যুক্তরাষ্ট্রের বৃহৎ হামলার মাধ্যমে সেই সক্ষমতা কার্যত ভেঙে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।