
বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ফটোকপি ব্যবসায়ী নিহত হয়েছেন।
রবিবার এই হামলার ঘটনা ঘটে এবং সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সাইফুল ইসলাম শহরের ঠনঠনিয়া পশ্চিম পাড়া শাহী জামে মসজিদ সংলগ্ন মাহবুবনগর এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ১১টার দিকে সাইফুল ইসলাম তার জমিতে সীমানা প্রাচীর দিতে যান।
এসময় একদল যুবক তাকে বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে যুবকরা সাইফুল ও মোহাম্মদ নামে অন্য একজনকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।
সেখানে সাইফুলের অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। স্বজনরা তাকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় পথিমধ্যেই তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ছুরিকাঘাতের ঘটনায় একজন মারা গেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।