
বিশ্বের অধিকাংশ দেশে ইতোমধ্যে পবিত্র রমজান মাস শুরু হলেও ওশেনিয়া মহাদেশের নিউজিল্যান্ড ও ফিজিতে রোজা শুরু হয়নি। দেশ দুটিতে আগামী শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে সিয়াম পালন শুরু হবে।
স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা না যাওয়ায় একদিন পিছিয়ে রোজা শুরুর সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ।
ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনস অব নিউজিল্যান্ড এবং ফিজি মুসলিম লীগ পৃথক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে। তাই শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে রমজান মাস শুরু হবে।
দুই সংগঠন জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী ওইদিন সন্ধ্যায় নতুন চাঁদ দেখা সম্ভব ছিল না। যেহেতু স্থানীয়ভাবে চাঁদ দেখা ভিত্তিকেই রোজা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়, তাই শাবান মাস পূর্ণ হওয়ার পর রমজান শুরু ঘোষণা করা হয়েছে।