
ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত পোলিশ নাগরিকদের অবিলম্বে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, পোলিশদের এই মুহূর্তে ইরান ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এক সংবাদ সম্মেলনে বলেন, “এ মুহূর্তে কোনো অবস্থাতেই ইরানে ভ্রমণ করা উচিত নয়। সক্রিয় সংঘাতের সম্ভাবনা অত্যন্ত বাস্তব, এবং তা কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যে শুরু হতে পারে।”
তিনি আরও সতর্ক করে বলেন, “এই বিষয়ে দৃষ্টি দিন। অতীতে মানুষ সতর্কবার্তা উপেক্ষা করেছে, যার ফলাফল আমরা দেখেছি। তাই আবার বলছি—অবিলম্বে ইরান ত্যাগ করুন অথবা ভ্রমণ পরিকল্পনা বাতিল করুন। সরাসরি যুদ্ধ শুরু হলে কাউকে নিরাপদে সরিয়ে নেওয়ার নিশ্চয়তা থাকবে না।”
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার পাশাপাশি সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি এবং ইসরায়েল-এর সংশ্লিষ্টতা লক্ষ্য করে পোল্যান্ড এই সতর্কবার্তা দিয়েছে। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সতর্ক থাকতে বা ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, যদি পরিস্থিতি দ্রুত সংঘাতে রূপ নেয়, তবে আকাশপথ ও সীমান্ত বন্ধ হয়ে যেতে পারে। এতে বিদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া আরও কঠিন হয়ে পড়বে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম জানাচ্ছে, ইরানে হামলার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নির্দেশ মিললেই অভিযান শুরু হবে। বর্তমানে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী এবং এর বহর অঞ্চলে অবস্থান করছে। দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড মধ্যপ্রাচ্যের পথে, সর্বশেষ জানা অনুযায়ী পশ্চিম আফ্রিকার উপকূলে পৌঁছেছে। এছাড়াও ডজনখানেক রিফুয়েলিং ট্যাঙ্কার এবং ৫০টির বেশি অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।