
পবিত্র রমজান মাসকে সামনে রেখে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে সীমিতসংখ্যক ফিলিস্তিনিকে প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দখলদার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি জুমায় ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লি মসজিদ প্রাঙ্গণে নামাজ আদায়ের সুযোগ পাবেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজান শুরুর পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
তবে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী, ৫৫ বছর বা তার বেশি বয়সি পুরুষ, ৫০ বছর বা তার বেশি বয়সি নারী এবং সর্বোচ্চ ১২ বছর বয়সি শিশুরা মসজিদে প্রবেশ করতে পারবে। শিশুদের অবশ্যই প্রথম শ্রেণির আত্মীয়ের সঙ্গে থাকতে হবে।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয় তদারকির দায়িত্বে থাকা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা সিওজিএটি এক বিবৃতিতে জানিয়েছে, রমজানজুড়ে প্রতি জুমার নামাজের জন্য প্রতিদিন পৃথক অনুমতিপত্র সংগ্রহের শর্তে ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে টেম্পল মাউন্ট এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়, পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম বয়স ৫৫ বছর, নারীদের জন্য ৫০ বছর এবং ১২ বছর পর্যন্ত শিশুদের প্রথম শ্রেণির আত্মীয়ের সঙ্গে প্রবেশের অনুমতি কার্যকর থাকবে।
সূত্র: আরব নিউজ