
ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার আবারও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে। ঘূর্ণিঝড় ‘গেজানি’র আঘাতে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে, আর ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন ১৬ হাজার ৪২৮ জন। চলতি বছরে দেশটিতে আঘাত হানা এটি দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের বরাতে এ তথ্য প্রকাশ করে।
মাদাগাস্কারের জাতীয় ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো (বিএনজিআরসি) জানিয়েছে, ঘূর্ণিঝড় গেজানির প্রভাবে ১৬ হাজার ৪২৮ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৪ জনে। সব মিলিয়ে এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৯৮৬ জন।
জাতিসংঘের মানবিক সহায়তা কার্যালয়ের তথ্য অনুযায়ী, গেজানি আঘাত হানার মাত্র ১০ দিন আগে ট্রপিক্যাল সাইক্লোন ‘ফাইটিয়া’ মাদাগাস্কারে আঘাত করেছিল। ওই ঝড়ে ১৪ জন প্রাণ হারান এবং ৩১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হন।
আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ শক্তিতে পৌঁছালে গেজানির স্থায়ী দমকা বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার। ঝড়ো হাওয়ার দমকা সর্বোচ্চ ২৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। এতে ঘরের টিনের ছাউনি উড়ে যায়, উপড়ে পড়ে বড় বড় গাছ।
মাদাগাস্কার অতিক্রমের পর গেজানি মোজাম্বিক চ্যানেল পেরিয়ে পশ্চিমমুখী হয়। এ সময় দক্ষিণ মোজাম্বিক উপকূলে ঘণ্টায় তীব্র বাতাসের সঙ্গে সর্বোচ্চ ১০ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ে বলে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে।
পরবর্তীতে ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে আবার পূর্ব দিকে ঘুরে আসে। পূর্বাভাসে বলা হয়েছে, এটি পুনরায় মাদাগাস্কারের দিকে অগ্রসর হচ্ছে এবং সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দ্বিতীয়বারের মতো আঘাত হানতে পারে। এ পরিস্থিতিতে দক্ষিণ-পশ্চিম মাদাগাস্কারের আম্পানিহি জেলায় ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে।