
চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের ঝাওইউয়ান শহরে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ক্যানঝুয়াং সোনার খনিতে একটি লিফট ছিঁড়ে সাত শ্রমিকের মৃত্যু ঘটেছে। দুর্ঘটনা ঘটেছে সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে, যখন শ্রমিকরা ভূগর্ভস্থ লিফটে মাটির গভীরে নামছিলেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় গণমাধ্যম সিসিটিভি নিউজের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, খনি কোম্পানি দুর্ঘটনার তথ্য সময়মতো জানায়নি। পরে সোমবার এক সূত্রের মাধ্যমে খবর পাওয়া গেলে কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে।
স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পর খনি এলাকায় নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এবং ঘটনাস্থল বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, লিফটটি প্রায় ২৪০ মিটার নিচে পড়ে এবং এতে সাতজনের মৃত্যু হয়।
পুলিশের অভিযোগ, খনি কর্তৃপক্ষ দুর্ঘটনার রিপোর্ট সময়মতো না দেওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। তথ্য গোপনের দায়ে খনি ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলীসহ মোট ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।