.jpg)
একটি বিতর্কিত ভিডিও ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত ভিডিওটি সমালোচনার মুখে পড়লে তা সরিয়ে নেয় হোয়াইট হাউস। তবে বিষয়টি নিয়ে ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার (৭ ফেব্রুয়ারি) সিএনএনের অনলাইন প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার ভিডিওটি প্রকাশের পর তা অন্তত ১২ ঘণ্টা অনলাইনে ছিল। ট্রাম্প দাবি করেছেন, ভিডিওটি নজরে আসার সঙ্গে সঙ্গেই তা সরানো হয়েছে। ভিডিওটির প্রথম অংশ সম্পর্কে তিনি বলেন, “আমি ভিডিওটির শুরুর অংশ দেখেছি। এটা চমৎকার ছিল।”
সিএনএনের তথ্য অনুযায়ী, ভিডিওটির প্রথম অংশে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগের কথা তুলে ধরা হয়।
এদিকে বিবিসি জানায়, ভিডিওটি সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত হোয়াইট হাউস এর পক্ষে অবস্থান নিয়েছিল। ভিডিওটি প্রকাশের পর ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির কয়েকজন সদস্যও এর প্রকাশ্য সমালোচনা করেন।
সমালোচকদের মতে, ভিডিওটিতে আফ্রিকান বংশোদ্ভূত মানুষের মানবিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ভুলবশত একজন কর্মী ভিডিওটি পোস্ট করেছিলেন এবং পরবর্তীতে তা সরিয়ে নেওয়া হয়েছে।
প্রকাশিত ভিডিওতে মিথ্যা দাবি করা হয় যে জালিয়াতির কারণে ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে পরাজিত হন। ভিডিওটির শেষাংশে একটি ছোট বানরের নাচের দৃশ্য দেখানো হয়, যেখানে বারাক ওবামার মুখ বসানো ছিল।