
মধ্যপ্রাচ্যের কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইরানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য কড়া সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়ে ওয়াশিংটন পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে ইরানে থাকা সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশটি ত্যাগ করার অনুরোধ জানায়। খবরটি প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল। সতর্কবার্তায় বলা হয়, কেউ যদি এখনই ইরান ছাড়তে সক্ষম না হন, তাহলে তাদের দ্রুত নিরাপদ কোনো স্থানে আশ্রয় নিতে হবে। নিরাপদ স্থান হিসেবে নিজ বাসভবন বা অন্য কোনো সুরক্ষিত ভবনের কথাও উল্লেখ করা হয়েছে।
এই সতর্কতার সময়ই শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাসকটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বুধবার দুই দেশের কর্মকর্তারা এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছিলেন। বৈঠক শুরুর ঠিক আগমুহূর্তে ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য এমন বার্তা আসায় বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের জানান, ইরান আলোচনা করতে চাইলে যুক্তরাষ্ট্র তাতে প্রস্তুত। তবে পারমাণবিক ইস্যুর পাশাপাশি ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নীতি, মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা এবং নিজ দেশের নাগরিকদের সঙ্গে আচরণের বিষয়ও আলোচনার টেবিলে আসবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে ইরানের একজন শীর্ষ কর্মকর্তা সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করতে রাজি নয় তেহরান। তিনি সতর্ক করে বলেন, পারমাণবিক বিষয় ছাড়িয়ে অন্য ইস্যুতে আলোচনা শুরু হলে সম্ভাব্য বৈঠক ভেস্তে যেতে পারে।