
নির্বাচনী মাঠে উত্তেজনার প্রেক্ষাপটে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় সমর্থকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বরিশাল-১ আসনের বিএনপি প্রার্থীসহ মোট আটজনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান, বরিশালের যুগ্ম ও জেলা দায়রা জজ মো. মনিরুজ্জামান এই শোকজ নোটিশ দেন।
নোটিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—বরিশাল-১ আসনের বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন এবং তার সমর্থকরা: সরিকল গ্রামের বিপ্লব প্যাদা ও রুহুল আমিন মৃধা, বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের সেন্টু সিকদার ও মশিউর সিকদার, সুমন খান, সাদ্দাম বাজার এলাকার রাসেল হাওলাদার এবং ধানডোবা গ্রামের শাহজাহান ফকির। পৃথক তিনটি নোটিশে একজন বিএনপি প্রার্থীকে, অন্য একটিতে তার পাঁচ কর্মীকে এবং তৃতীয়টিতে দুই কর্মীকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ জারি করে প্রতিবেদন বিচারকের দপ্তরে পাঠানোর জন্য গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, “শুক্রবার নোটিশ পেয়েছি। পরে প্রত্যেকের নামে পাঠিয়ে দেওয়া হয়েছে।”