
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১১ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। তবে তারা কোন দেশের নাগরিক, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সৌদি সংবাদমাধ্যম Saudi Gazette-এর বরাতে জানা যায়, নাজরান শহরের একটি আবাসিক ভবনে যৌন কার্যক্রম পরিচালনার অভিযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় নাজরান পুলিশের স্পেশাল টাস্কস অ্যান্ড ডিউটিস ফোর্স, কমিউনিটি সিকিউরিটি অধিদপ্তর এবং মানবপাচারবিরোধী ইউনিট। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, "জনসাধারণের নৈতিকতা পরিপন্থী কার্যকলাপ এবং মানবপাচার প্রতিরোধে চলমান প্রচেষ্টার" অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।
রক্ষণশীল সৌদি আরবে পতিতাবৃত্তি, অবৈধ সম্পর্ক এবং মানবপাচার গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এসব অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের জেল, বড় অঙ্কের জরিমানা, প্রবাসীদের ক্ষেত্রে দেশ থেকে বহিষ্কার কিংবা অন্য ধরনের শাস্তির মুখে পড়তে হয়।
সৌদি সরকার সাম্প্রতিক বছরগুলোতে মানবপাচার ও দেহ ব্যবসা প্রতিরোধে কড়া পদক্ষেপ নিয়েছে। গোপন নজরদারি, বিশেষ অভিযান এবং কঠোর আইনি ব্যবস্থার মাধ্যমে এসব কার্যক্রম দমন করা হচ্ছে। নাজরানে এই গ্রেপ্তারকৃতরাও সেই উদ্যোগের ধারাবাহিকতার অংশ বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: সৌদি গ্যাজেট