
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও হামের মতো উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হাম ও সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১২ জনের।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ আপডেটে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ওই ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২২১ জন রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনে। একই সময়ে নতুন করে ২১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এতে চলতি বছর নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬২৩ জনে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৭২ হাজার ২১ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ৩৭৭ জন, চট্টগ্রামে ২৬১, সিলেটে ১৪৩, বরিশালে ১৩৯, খুলনায় ১১৩, ময়মনসিংহে ৬৩, রাজশাহীতে ২৪ এবং রংপুরে ২৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সর্বশেষ চার মৃত্যুর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হামে এবং তিনজনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে হয়েছে। নতুন মৃত্যুর তিনটিই ঢাকা বিভাগের বলে জানিয়েছে অধিদপ্তর।