
ফরিদপুরে হাম পরিস্থিতিতে নতুন করে আরও ৫০ রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার দুটি হাসপাতালে এসব রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে হামজনিত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৪ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন নতুন হাম রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে দুই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১৯১ জন। এ সময়ে হামজনিত কারণে মারা গেছেন ২১ জন।
বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮৩ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। দুই হাসপাতালে মিলিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০৮ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৫০ জনের মধ্যে ৩৬ জন ফরিদপুর জেলার বাসিন্দা। বাকি ১৪ জন অন্য জেলার।