
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৫ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে ৯৫৬ জন। আর ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জন।
এ সময়ে গত ২৪ ঘণ্টায় ৭৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৭২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৮৫৬ শিশুর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট ৯৫৫ শিশুর মৃত্যু হয়েছে।