
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আয়োজিত সভা-সম্মেলনে নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদসমূহে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুর রহমান সুমন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ মান্নান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বেলাল হোসেন।
নবনির্বাচিত সভাপতি আবদুর রহমান সুমন তার বক্তব্যে সংগঠনের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, সমিতির ঐক্য, সুশাসন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। একই সঙ্গে তিনি পল্লী চিকিৎসকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
সভা-সম্মেলনে বক্তারা বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় নবনির্বাচিত কমিটির নেতারা সমিতির সব সদস্যের সহযোগিতা কামনা করেন এবং পল্লী পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে নবনির্বাচিত কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।