
দেশে হামের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে দুজন এবং হামের উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৬৭৭ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে আরও ৯৯ জন।
শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত সারা দেশে এক লাখ ৩৫ হাজার ৩৩২ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৭ হাজার ৪৪৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৩ হাজার ২০০ জন।
মৃত্যুর পরিসংখ্যানও উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৬৯ শিশুর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও দুজনের মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামের উপসর্গ শনাক্ত ও মৃত্যুর উচ্চ সংখ্যা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করছে।