
রাজধানীর গুলশানের একটি অভিজাত শুটিং ক্লাবে ফ্যাশন শোতে অংশ নিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছেন ঢালিউডের চিত্রনায়িকা পরীমনি। রোববার (৯ নভেম্বর) মধ্যরাতে ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ওই অনুষ্ঠানে দর্শকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের জবাবে মধ্যমা আঙুল দেখান তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যেতে বাধ্য হন অভিনেত্রী।
জানা গেছে, গুলশানের অভিজাত ওই ক্লাবে পাঁচ দিন ধরে ‘ওয়েডিং কার্নিভাল’ নামে ফ্যাশন আয়োজন চলছিল। রোববার ছিল এর শেষ দিন। অনুষ্ঠানে মঞ্চে পরীমনির পরিবেশনার শেষ পর্যায়ে উপস্থিত দর্শকরা তাকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দর্শকদের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে তাদের দিকে মধ্যমা আঙুল প্রদর্শন করেন পরীমনি। এতে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।
তবে ধারণা করা হচ্ছে, পরীমনি দর্শকদের নয়, উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল দেখিয়েছিলেন।
ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
এদিকে, ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। সেখানে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেছেন তিনি।
প্রসঙ্গত, এর আগে রাজধানীর গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন পরীমনি। তবে ঘটনাস্থলে তার গাড়ি অক্ষত ছিল বলে দাবি করেছিলেন সেখানে উপস্থিত সাংবাদিকরা। ওই ঘটনাকে কেন্দ্র করেও সাংবাদিকদের সঙ্গে তার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল।