
চাঁদ নিয়ে পরীমণির মুগ্ধতা, নাকি পুরোনো পূর্ণিমার স্মৃতি—সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর কয়েকটি ছবি ঘিরে এমনই কৌতূহল তৈরি হয়েছে। বাগানবিলাসের পাশে বসে উজ্জ্বল চাঁদের দিকে হাত বাড়িয়ে তোলা ছবিগুলো প্রকাশের পর চাঁদের উপস্থিতি নিয়েই প্রশ্ন তুলেছেন নেটিজেনদের অনেকে।
সম্প্রতি নিজের ফেসবুক টাইমলাইনে ছবিগুলো প্রকাশ করেন চিত্রনায়িকা পরীমণি। রাতের আবহে ছাদের এক কোণে বাগানবিলাস ফুলের পাশে বসে থাকতে দেখা যায় তাঁকে। আকাশে উজ্জ্বল চাঁদ, আর সেই চাঁদের দিকে হাত বাড়িয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পঙ্ক্তি লিখেছেন, ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে’।
ছবিগুলো প্রকাশের পর পরীমণির সৌন্দর্য ও ছবির নান্দনিকতা নিয়ে যেমন প্রশংসা করেছেন ভক্তরা, তেমনি চাঁদের উপস্থিতি নিয়েও শুরু হয়েছে আলোচনা। নেটিজেনদের একাংশের দাবি, বর্তমানে বাংলাদেশের আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে না। তাহলে ছবিগুলো কবে তোলা?
মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘এখন তো অমাবস্যা!’ আরেকজনের প্রশ্ন, ‘আমি তো আকাশে কোনো চাঁদ দেখছি না।’
তবে চাঁদের হিসাব-নিকাশের বাইরেও পরীমণির রূপে মুগ্ধ অনুরাগীরা। একজন মন্তব্য করেছেন, ‘চাঁদ কোথায়? আমি তো পরী দেখতে পাচ্ছি।’ আরেকজন লিখেছেন, ‘পরীর চাঁদের চাইতেও সুন্দর তুমি।’
ছবিগুলো কবে তোলা, সে বিষয়ে কিছু জানাননি অভিনেত্রী। তাই এগুলো সাম্প্রতিক, নাকি আগের কোনো পূর্ণিমার রাতের—তা নিশ্চিত হওয়া যায়নি। তবে চাঁদ আর বাগানবিলাসের সঙ্গে পরীমণির এই ছবিগুলো ভক্তদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে।